সরকারি চাকরিতে বড় সিদ্ধান্ত! আবেদনের বয়সসীমায় ৫ বছরের ছাড় রাজ্য সরকারের
রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া এবং চাকরি দুর্নীতির জেরে সমস্যায় পড়েছিল চাকরিপ্রার্থীরা। আজ তাদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের নতুন সরকার। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ সোমবার প্রথম মন্ত্রিসভা বৈঠকের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২০১৫ সালের পর থেকে রাজ্যে তেমন বড় কোনও নিয়োগ হয়নি। ফলে বহু চাকরিপ্রার্থী নিজের নির্ধারিত বয়স পেরিয়ে যাওয়ায় সরকারি চাকরির আবেদন করার সুযোগ হারিয়ে ফেলেছে। সেই বিষয়টাকে মাথায় রেখেই বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হবে”।
গত কয়েক বছরে যে নিয়োগ দুর্নীতি, আদালতের মামলা এবং আন্দোলন হয়েছিল। তাতে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে পড়ে। অনেকেই দীর্ঘ অপেক্ষার মধ্যে চাকরির বয়সসীমা পার করে ফেলেন। নির্বাচনের আগেই বিজেপি তরফ থেকে জানানো হয়েছিল, ক্ষমতায় এলে এই ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরিপ্রার্থীদের জন্য বয়সে অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এবার সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই সেই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।