পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত পরিষেবা, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বড় ঘোষণা
রুদ্র বিশ্বাস, বনগাঁ: এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে এবার থেকে কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প কার্যকর করা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বের অন্যতম বড়ো এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন, যা দেশের জনকল্যাণমূলক ব্যবস্থার একটি বড় অংশ। পাশাপাশি তিনি এটাও জানান, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য একসাথে কাজ করবে।
প্রসঙ্গত, আগের শাসনকালে রাজ্যে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্প পুরোপুরি কার্যকর হয়নি বলে রাজনৈতিক মহলে বিতর্ক ছিল। অভিযোগ ছিল, কেন্দ্রের সুবিধার বদলে রাজ্যে নিজস্ব স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা হয়, যা মূলত রাজ্যসীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে এখন রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার নতুন সরকারের ঘোষণা থেকে জানা যায়, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বেশি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হল।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তালিকাভুক্ত যেসব হাসপাতালে দ্বিতীয় ও তৃতীয় স্তরের চিকিৎসা হয়। সেগুলো প্রায় বিনামূল্যে পাওয়া যায়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।