গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
রুদ্র বিশ্বাস, বনগাঁ: ভ্যাপসা গরম তার সাথে আর্দ্রতার ফলে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল বেলা থেকেই চড়া রোদের তার সঙ্গে বাড়ছে অস্বস্তিও। বেলা যত বাড়ছে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুর বা বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরমের দাপট বেশি থাকবে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষার আমেজ আরও জোরালো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে এখনই স্বস্তি মিলছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।
সপ্তাহ শেষে আবহাওয়ার খুব একটা বদল হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।আগামীকাল শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দ্রুত কাটার সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।