সন্দেশখালিতে বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে জখম দুই কর্মী
বসিরহাট : রাজ্যে বিজেপির জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠলো সন্দেশখালিতে। রবিবার বিজেপির বিজয় মিছিলে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকাজুড়ে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়, যার জেরে গুরুতর জখম হন দুই বিজেপি কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিজেপির বিপুল জয়ের আনন্দে রবিবার বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর এলাকায় বিজয় মিছিলের আয়োজন করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মিছিল চলাকালীন আচমকাই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, এলাকার তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডল।সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মিছিলে চড়াও হয় এবং কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এই হামলায় গুরুতর আহত হন বিজেপি কর্মী নির্মল মণ্ডল এবং মনোতোষ মণ্ডল। অভিযোগ, তাদের হাত লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে প্রথমে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কর্মীদের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে মনিপুর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছিল। এদিনের হামলার ঘটনায় সেই উত্তেজনা আরও চরমে পৌঁছায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্তদের পরিবারের দাবি, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হোক।