উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নজরে প্রশাসনিক বৈঠক
রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী ২০ মে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি উত্তরকন্যাতেও যেতে পারেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।জানা গিয়েছে, আগামী ২০ মে বুধবার উত্তরবঙ্গে পৌঁছনোর পর একাধিক প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর ২১ মে দুর্গাপুরেও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
এর আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেভাবেই এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই গতকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী ২১মে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে মাথায় রেখে বিজেপির প্রচারেও সক্রিয় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে জনসভা করে তিনি। সেখানে একাধিক রাজনৈতিক বার্তা দেন। এর পাশাপাশি ডায়মন্ড হারবার ও ফলতা থেকে বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভা থেকে শান্তিপূর্ণ ভোটের আবেদন জানান। একই সাথে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষ ভূমিকার উপরও জোর দেন তিনি। তাঁর দাবি, কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না এবং পুলিশ স্বাধীনভাবেই কাজ করবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য, প্রশাসন ও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে একের পর এক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। ফলে উত্তরবঙ্গ সফরেও নতুন কিছু ঘোষণা আসতে পারে বলে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।