খুদে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির বাঁকুড়ার বড়জোড়ায়
সৌমী মন্ডল, বাঁকুড়া: স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের মোবাইল আসক্তি কমিয়ে নাচ, গান সহ অন্যান্য সৃজনশীল কাজে উৎসাহিত করতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও সেন্টার কালচারাল রিসোর্স ট্রেনিং এর যৌথ উদ্যোগে দু’দিনের সামার ক্যাম্প শেষ হলো। বড়জোড়ার পিংরুই প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পে চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর ৩০ জন পড়ুয়া অংশ নিয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
দু’দিনের এই বিশেষ সামার ক্যাম্পে উপস্থিত ছিলেন বড়জোড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনীক মুখার্জী, মালিয়াড়া আউট পোষ্টের ইনচার্জ রবিন সরখেল, নৃত্য প্রশিক্ষক রাধেশ্যাম বারুরি, শিক্ষক প্রশান্ত ভুঁই, জয়ন্ত মণ্ডল সহ অন্যান্যরা। শিবিরে সামাজিকতা নানান বিষয় নিয়ে দুদিন ধরে আলোচনা হয় আলোচনায় উঠে আসে শিশুদের মোবাইলের প্রতি আসক্তির কথা। শিশুমনে মোবাইলের কুফল গুলিও আলোচিত হয় শিবিরে। এই শিবির সম্পর্কে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।তারা বলেন এ ধরনের শিবির মাঝে মাঝে হলে শিশুদের অনেক উপকার হবে।