লক্ষ্মীর ভাণ্ডারের বদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মাসে ৩০০০ টাকা পাবেন রাজ্যের মহিলারা, এই নিয়ে কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ?
রুদ্র বিশ্বাস, বনগাঁ: এবার রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ জুন থেকেই এই সুবিধা চালু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
আজ ১৩ মে বুধবার বিধানসভায় শপথ নেওয়ার পর প্রকল্পটি নিয়ে বিস্তারিত জানান নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির আওতায় থাকবেন। তবে যাঁদের নাম নিয়ে নাগরিকত্ব বা নথি সংক্রান্ত সমস্যা রয়েছে, সেগুলি যাচাই করে দেখা হবে।
নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, SIR প্রক্রিয়ার মাধ্যমে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নাম আপাতত প্রকল্প থেকে কাটা হচ্ছে না। তবে কেউ মৃত হলে বা বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত হলে তাঁরা এই সুবিধাগুলি পাবেন না। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আগে নাগরিকত্ব যাচাই করা হবে, বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এছাড়া যাঁদের নাম বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীনে রয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, CAA-এর জন্য কোনো আবেদনকারীদের নাম বাদ যাবে না।
নতুন আবেদন প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগের ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে আবেদন নেওয়া হলেও। এবার থেকে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। খুব শীঘ্রই সেই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কম শিক্ষিত বা গ্রামীণ এলাকার মহিলারাও যাতে সহজেই এই আবেদনটি করতে পারেন, সেই কারণে আবেদন প্রক্রিয়া সহজ রাখার আশ্বাস দিয়েছে সরকার।