সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম, তারপর শপথ — নন্দীগ্রাম ছাড়ার জল্পনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আজ বিধানসভায় পৌঁছে সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। প্রথামাফিক বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রোটেম স্পিকার ও বিজেপি বিধায়ক তাপস রায় তাঁকে বিধানসভায় স্বাগত জানান। এরপরে ডঃ বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভার নির্দিষ্ট কক্ষে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেই পুজোর ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। ভিডিয়ো তে দেখা যায়, ঘণ্টা বাজিয়ে পুজো করছেন মুখ্যমন্ত্রী, তার পাশে রয়েছেন পুরোহিত এবং শোনা যাচ্ছে শঙ্খধ্বনি।এরপরেই অধিবেশন কক্ষে গিয়ে প্রথম বিধায়ক হিসেবে শপথ নেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন। ফলে নন্দীগ্রাম আসন তিনি ছাড়তে পারেন বলেই জানা
যাচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর একে একে শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। সেখানে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি বিধায়ক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দুই দফায় প্রায় ৮০ জন বিধায়কের শপথগ্রহণের সূচি রাখা হয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের বিধায়করা শপথ গ্রহণ করবেন। আর দ্বিতীয় দফায় নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা শপথ নেবেন।
আগামিকাল বৃহস্পতিবারে বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলবে। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রোটেম স্পিকার হিসেবেই দায়িত্ব পালন করবেন তাপস রায়। আগামী ১৫ মে বিধানসভায় স্পিকার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সূত্রে খবরে জানা গেছে, তাপস রায়কেই অধ্যক্ষ পদে মনোনীত করা হতে পারে।