কলকাতা থেকে এবার সরাসরি বাসে করে যাওয়া যাবে ভুটান! চালু হল নতুন প্রিমিয়াম স্লিপার পরিষেবা
রুদ্র বিশ্বাস, বনগাঁ : এবার ভ্রমণপ্রেমীদের জন্য এসেছে একটা বড়ো সুখবর। এবার কলকাতা থেকে আরও সহজে ভুটান যাওয়া যাবে বাসে করেই। নতুন প্রিমিয়াম বাস পরিষেবা চালু করেছে বেসরকারি সংস্থা ‘Raipur Cruiser’। এই বাস সরাসরি কলকাতা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত যাতায়াত করবে।জানা গিয়েছে, বাসটি সাঁতরাগাছি আর এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও রবীন্দ্র সদন, শিয়ালদহ, রাজাবাজার, মানিকতলা-সহ শহরের আরও একাধিক জায়গা থেকে যাত্রীরা বাসে উঠতে পারবেন। প্রতিদিন বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ বাস ছাড়বে বলে জানা গিয়েছে।
এই নতুন পরিষেবার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর বিলাসবহুল একটি ব্যবস্থা। সম্পূর্ণ এসি স্লিপার বাসে শুয়ে বসেই আরামদায়ক ভাবে সফর করা যাবে। যাত্রীদের সুবিধার জন্য বাসে থাকছে বাথরুমের ব্যবস্থা। এর ফলে দীর্ঘ যাত্রাপথেও অতিরিক্ত সমস্যায় পড়তে হবে না।
কলকাতা থেকে ভুটানের বর্ডার সীমান্তে পৌঁছতে সময় লাগবে প্রায় ১৭ ঘণ্টা বা তার থেকে একটু বেশি। বাসটিতে ভাড়া রাখা হয়েছে প্রায় ২৬৯৯ টাকা। তুলনামূলক কম খরচে আরামদায়ক একটি বিদেশ সফরের সুযোগ মিলবে বলেই মনে করছেন পর্যটকেরা।