সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াল রাজ্য, জারি হল নতুন নির্দেশিকা
রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করল রাজ্য সরকার। নবান্নের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিয়ে বহু বেকার যুবক-যুবতীর কাছে এই ঘোষণা বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা বয়সের কারণে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন, তাঁদের জন্য নতুন করে সুযোগ তৈরি হল।
সরকারের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন গ্রুপের চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা আলাদা ভাবে পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রুপ ‘এ’ পদে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে। গ্রুপ ‘বি’ পদে তা করা হয়েছে ৪৪ বছর। অন্যদিকে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। নির্বাচনের আগেই বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তারা ক্ষমতায় এলে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রথম ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। তাঁর দাবি ছিল, আগের সরকারের আমলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কারণে বহু চাকরিপ্রার্থী সময়মতো পরীক্ষায় বসার সুযোগ পায়নি।
রাজ্যের নেওয়া এই সিদ্ধান্তে বহু চাকরিপ্রার্থীর মুখে এখন হাসি ফুটেছে। চাকরির আশায় দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীদের মতে, নতুন নিয়ম এখন তাঁদের জন্য বড় সুযোগ এনে দিল।প্রশাসনিক মহলের মত, বয়সসীমা বৃদ্ধির ফলে আরও বেশি সংখ্যক প্রার্থী সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতে রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।