দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি
রুদ্র বিশ্বাস, বনগাঁ:এই প্রচণ্ড গরমের তাপপ্রবাহে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। এক পশলা বৃষ্টির আশায় দিন গুনছেন সাধারণ মানুষ। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় সেখানেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ মে নাগাদ কেরালায় বর্ষা পৌঁছতে পারে। সাধারণত জুন মাসের শুরুতে বর্ষা এলেও এ বার তীব্র গরমের কারণে কিছুটা আগেই বর্ষার আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্ষা ঢোকার সম্ভাব্য সময়ের মধ্যে কয়েক দিনের হেরফের হতে পারে বলেও জানিয়েছে আইএমডি।
আগামিকাল রবিবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গেও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।