দেশে বর্ষার প্রবেশ, বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
রুদ্র বিশ্বাস, বনগাঁ: গরমের অতিরিক্ত তাপপ্রবাহ কাটিয়ে অবশেষে এবার দেশে বর্ষার আগমন ঘটল। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, গতকাল শনিবার দেশের কিছু অংশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে বাংলা-সহ দেশের বিভিন্ন জায়গায় বর্ষা ঘিরে আশাবাদী হয়ে আছে বহু মানুষ। একই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী, আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা অর্থাৎ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আইএমডি জানিয়েছে, গত ১৬ মে শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগরের পাশের কিছু এলাকা এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে। এর পাশাপাশি আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশেও মৌসুমী বায়ুর আশা শুরু হয়েছে।উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা রয়েছে।
আগামীকাল সোমবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গরমের দাপটের মাঝেই এই আবহাওয়া বদল কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।