৩৯ হাজার কোটি টাকার নতুন চুক্তি! বাংলার ঘরে ঘরে পানীয় জল পৌঁছাতে কেন্দ্রের সঙ্গে হাত মিলাল রাজ্য
রুদ্র বিশ্বাস, বনগাঁ: ২০২৬-এ বাংলায় সরকার পরিবর্তনের পরে এবার কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ করল নতুন সরকার। গতকাল সোমবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে প্রায় ৩৯ হাজার কোটি টাকার নতুন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। চুক্তি স্বাক্ষর করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী-কে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যে ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর পথচলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র দাবি, আগের সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এলেও বাস্তবে তারা কাজ খুবই কম করেছিল ছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, খাতায় কলমে কাজের অগ্রগতি দেখানো হলেও বাস্তবের পরিস্থিতি একেবারে ভিন্ন। তাঁর কথায়, বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অপেক্ষায় ছিলেন, কিন্তু প্রকল্পটি সঠিক ভাবে কাজ করা হয়নি। তিনি আরও দাবি করেন, আগে এই প্রকল্পে প্রায় ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু তার যথাযথ ব্যবহার হয়নি।এদিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি. আর. পাটিল-এর কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গঙ্গা দূষণ রোধ আর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির ক্ষেত্রেও কেন্দ্রের সহযোগিতার কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবি, নতুন চুক্তির ফলে বাংলার গ্রামাঞ্চলের প্রায় ১ কোটি ৭৫ লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ খুব তাড়াতাড়ি এগোবে। প্রযুক্তিগত সহায়তা ও জলের গুণমান বজায় রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রের সহায়তায় একাধিক জল ও সেচ প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারীও স্বীকার করেছেন, কেন্দ্রের সাহায্য ছাড়া এই মুহূর্তে বড় প্রকল্প বাস্তবায়ন করা কঠিন।