উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টি—আবহাওয়ার নতুন আপডেট প্রকাশ
রুদ্র বিশ্বাস, বনগাঁ: হিমালয়ের পাদদেশীয় এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ উত্তরবঙ্গের উত্তরের পাঁচ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সেইসাথে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসনও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে। তবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী সাত দিন ধরে তাপমাত্রার খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।সেইসাথে, আজ আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম।