কবে চালু হবে ‘যুবশক্তি’ প্রকল্প? ৩০০০ টাকা ভাতা নিয়ে বাড়ছে অপেক্ষা
রুদ্র বিশ্বাস, বনগাঁ : ২০২৬-এ ভোটের আগে বিজেপির বড় প্রতিশ্রুতি ছিল মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ আর বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প চালু করা। সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করে দিয়েছে। আগামী ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এবার নজরে রয়েছে বেকার যুবক-যুবতীদের দিকে।রাজ্যের বহু যুবক-যুবতীদের মনে এখন একটাই প্রশ্ন— কবে চালু হবে ‘যুবশক্তি’ প্রকল্প আর কীভাবে আবেদন করতে হবে? যদিও এখনও সরকারিভাবে প্রকল্প চালুর দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক মহলের মতে খুব তাড়াতাড়ি এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে।
২৬-এর নির্বাচনের আগে বিজেপি দাবি করেছিল, আগের সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের তুলনায় বেশি আর্থিক সহায়তা দেবে। আগে যেখানে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হত, সেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মাসিক ৩০০০ টাকা করে দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের। সম্ভাব্য যোগ্যতার তালিকাও সামনে এসেছে। জানা গিয়েছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি অন্তত মাধ্যমিক পাশ হতে হবে এবং বর্তমানে কোনও চাকরি বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
সূত্রের খবর, এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হতে পারে। এর জন্য আলাদা কোনো ওয়েবসাইট চালু করা হতে পারে বলে আলোচনা চলছে। সেই ওয়েবসাইটের মাধ্যমেই সরাসরি আবেদন করতে পারবেন বেকার যুবক-যুবতীরা। যুবশক্তি প্রকল্প আবেদনের জন্য আধার কার্ড, ভোটার আইডি, মাধ্যমিকের নথি অর্থাৎ অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে বলেও জানা যাচ্ছে। তাই আগেভাগেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।