মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুঅধিকারীর
রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী। গতকাল সোমবার নবান্নে কলকাতা পুলিশ আধিকারিকদের সাথে বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং রাজনৈতিক কর্মসূচির সময় নিরাপত্তায় কোনও রকম গাফিলতি যেন না হয়। পর্যাপ্ত ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুন হওয়ার ঘটনার পর রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে, প্রশাসনিক সূত্রে জানা গেছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নিরাপত্তা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে।তাঁর জন্য আগে যে উচ্চস্তরের নিরাপত্তা ও বিশেষ পাইলট ব্যবস্থার সুবিধা ছিল, তা নতুন করে পর্যালোচনা করা হয়েছে।
তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর ক্ষেত্রে সরকারি প্রোটোকল ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে নতুন সরকার কোনও আপস করতে চাইছে না বলেই প্রশাসনিক মহলের ধারণা। গতকাল সোমবারের বৈঠকের পর কলকাতা পুলিশের বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রস্তুতিও আরও জোরদার করা হয়েছে।