বিধানসভার মেনুতেও মাছ-ভাত, বাঙালিয়ানার বার্তা দিল বিজেপি
রুদ্র বিশ্বাস, বনগাঁ : আজকের বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা মিললো বাঙালিয়ানার এক বিশেষ ছোঁয়া। শপথ নিতে আসা বিজেপি বিধায়কদের জন্য মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হয়েছে মাছ-ভাত। এই আয়োজনের পিছনে রয়েছেন প্রোটেম স্পিকার ও মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।
রাজনৈতিক মহলের মতে, এর মধ্য দিয়েই বিজেপি বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। এর আগেও ভোটের ফল ঘোষণার দিন সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে মাছ-ভাতের আয়োজন করা হয়েছিল। তখন থেকেই রাজনৈতিকভাবে এই বিষয়টিকে নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি ও বাঙালির খাদ্যাভ্যাসের উপর প্রভাব পড়বে। বিশেষ করে মাছ-মাংস খাওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা নেত্রীরাও।
তবে এবার তৃণমূলের সেই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি বারবার জানিয়ে দিতে চেষ্টা করেছে, যে তারা বাঙালির সংস্কৃতি বা খাদ্যাভ্যাসের বিরোধী নয়। ভোটের প্রচারেও একাধিক বিজেপি প্রার্থীকে মাছ হাতে প্রচার করতে দেখা গিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারে এসে মাছের প্রসঙ্গ তুলেছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি ক্ষমতায় আসার পরে বারবার মাছ-ভাতের আয়োজন করে তারা এটাই বোঝাতে চাইছে যে, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই তারা রাজ্য পরিচালনা করতে চায়। এবার সেই বার্তাই পৌঁছে গেল বিধানসভার মধ্যাহ্নভোজের মেনুতেও।