সাফাই কর্মীদের বেতনে কাট মানির অভিযোগ , উত্তপ্ত রামপুরহাট পৌরসভা
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রাজ্যে সরকারের পালাবদল ঘটতেই অবৈধভাবে টোল চালানো, তোলা আদায় ইত্যাদির অভিযোগ প্রকাশ্যে বেরিয়ে আসে। এবার পৌরসভার সাফাই কর্মীদের বেতনে কাট মানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো রামপুরহাট পৌরসভা চত্বরে। সাফাই কর্মীদের অভিযোগ, সরকারি নথি অনুযায়ী তাদের মাসিক বেতন প্রায় সাত হাজার টাকা হলেও হাতে দেওয়া হচ্ছে মাত্র প্রায় ১৯০০ টাকা। এই বিশাল অঙ্কের পার্থক্য কোথায় যাচ্ছে, তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন সাফাই কর্মীরা।
বিক্ষোকারীদের দাবি, সরকার থেকে বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থ তাদের কাছে পৌঁছাচ্ছে না কেন? তবে কি এই বকেয়া অর্থ ‘কাটমানি’ হিসেবে আত্মসাৎ করা হয়েছে? অবিলম্বে পুরো টাকার হিসাব প্রকাশ করতে হবে এবং বকেয়া অর্থ শীঘ্রই ফেরত দিতে হবে বলে দাবি তোলেন।
এদিন সাফাইয়ের কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত। বর্তমান বাজার অনুপাতে পারিশ্রমিক হিসেবে পাওয়া টাকা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে।
দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।