মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় দফতর বণ্টন, কার হাতে গেল কোন দায়িত্ব?
রুদ্র বিশ্বাস,বনগাঁ:- রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন দফতরের দায়িত্ব ভাগ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের দফতর ঘোষণা করা হয়।
পঞ্চায়েত, কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষ কে। অন্যদিকে, নারী ও শিশু কল্যাণের পাশাপাশি সমাজ কল্যাণ দফতর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে তুলে দেওয়া হল ক্রীড়া ও উওরবঙ্গ উন্নয়নের দায়িত্ব। বনগাঁর অশোক কীর্তনীয়া পেলেন খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব। সবশেষে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডু কে।
নবান্ন বৈঠক সূত্রে জানা গেছে,আপাতত অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরগুলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই নিজের অধীনে রাখছেন। আজ সোমবার নবান্নে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি মুখ্যসচিব ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও।বৈঠকের শেষের দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন সরকার সুশাসন ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ‘ডবল ইঞ্জিন সরকার’-এর মডেলে উন্নয়নের পথে এগোবে।