বিধানসভার সব আলোচনা এবার সরাসরি দেখবেন মানুষ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রুদ্র বিশ্বাস, বনগাঁ : পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন এবার থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আজ শুক্রবার বিধানসভায় এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধায়করা কী কাজ করছেন, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জনগণকে নিশ্চিত করার জন্য বিল, বাজেট, জিরো আওয়ার এবং প্রাইভেট মেম্বার বিল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সবকিছু লাইভ সম্প্রচার করা দরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ভোটারদের জানার অধিকার রয়েছে তাঁদের জন্য নির্বাচিত প্রতিনিধিরা বিধানসভায় কী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। পরে বক্তৃতা দিতে উঠে নওশাদ সিদ্দিকী তিনিও এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান।
এর আগে তৃণমূল সরকারের আমলে নির্দিষ্ট কিছু দিনে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলেও পুরো অধিবেশনটি নিয়মিত লাইভ দেখানোর ব্যবস্থা ছিল না। বাম আমলেও এমন কোনও ব্যবস্থা চালু হয়নি। তবে লোকসভা ও রাজ্যসভার মতো এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও নিয়মিত সম্প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। প্রথা মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন। স্পিকার রথীন্দ্র বসু কে শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু বলেন, বিধানসভা কোনও সংঘর্ষের জায়গা নয়। শাসক ও বিরোধী— দুটো পক্ষেরই নিজেদের মত প্রকাশের সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন। এর পাশাপাশি বিরোধী দলকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।