রাজ্যের সব সামাজিক প্রকল্প চালু থাকবে, প্রথম বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর
রুদ্র বিশ্বাস, বনগাঁ : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বদলে গেলেও সাধারণ মানুষের জন্য চালু থাকা সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি জানান, আগের সরকারের চালু হওয়া সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প আগের মতোই চালু থাকবে। তবে প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই পাবেন বলে জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পোর্টাল নতুনভাবে আপডেট করা হবে এবং কেন্দ্রের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিভিটি) ব্যবস্থার মাধ্যমে সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। তাঁর দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হবে এবং মৃত ব্যক্তি বা ভারতীয় নন এমন কাউকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।
২০২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধীরা দলেরা দাবি করেছিল, সরকার বদল হলে ‘লক্ষ্মীর ভান্ডার’ বা ‘যুবসাথী’-র মতো প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। যদিও বিজেপি আগেই জানিয়ে দিয়েছে, কোনও প্রকল্প বন্ধ করা হবে না। বরং নতুন কিছু আর্থিক সহায়তা প্রকল্প চালুর আশ্বাসও দেওয়া হয়েছে। মহিলাদের জন্য মাসিক ভাতা, অন্তঃসত্ত্বাদের আর্থিক সহায়তা, ছাত্রীদের এককালীন আর্থিক অনুদানের মতো আরও পরিকল্পনা আনা হতে পারে।
আজ সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প খুব তাড়াতাড়ি রাজ্যে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, বিশ্বকর্মা প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও-সহ আরও বেশ কিছু প্রকল্প। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আবেদন দ্রুত কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।