চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে ধৃত ৩ শার্প শুটার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল তদন্তকারী দল। পুলিশের তদন্ত সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ধরা হয়েছে ওই তিন দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের মধ্যে একজন বিহারের বক্সার এলাকার বাসিন্দা এবং বাকি দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তারা পেশাদার শার্প শুটার।
গত ৬ মে বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তে উঠে আসে ভিন রাজ্যের যোগসূত্র। এরপরই আলাদা টিম পাঠানো হয় উত্তরপ্রদেশ ও বিহারে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তিন সন্দেহভাজনকে।
পুলিশের সূত্রে অনুমান, পুরো হামলায় অন্তত আট জন জড়িত ছিল। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়। ব্যস্ত রাস্তার মাঝেই গাড়ি ও বাইক ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র থেকে জানা যায়, দুষ্কৃতীদের একটি ডিজিটাল লেনদেনের কথা। জানা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা পার হওয়ার সময় ইউপিআইয়ের মাধ্যমে টোলের টাকা দেওয়া হয়েছিল। সেই লেনদেনের তথ্য ধরে অভিযুক্তদের পরিচয় ও মোবাইল নম্বর হাতে পায় পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কার নির্দেশে এই খুন, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।