জঙ্গলমহলের বারিকুল এলাকায় পানীয় জলের সমস্যায় জর্জরিত এলাকাবাসী
সাধন মন্ডল, বাঁকুড়া :পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ৯ই মে এই শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরো পাঁচ মন্ত্রীর শপথ হল। এই পাঁচ জনের মধ্যে রয়েছেন জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষক ক্ষুদিরাম টুডু। ব্রিগেড ময়দানের বৃহৎ মঞ্চ থেকে শনিবার শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রিগেডের মঞ্চে শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু।
প্রতিশ্রুতি দেওয়ার কাজ শেষ ভোট বাক্সে ভরসা দেখিয়েছেন পশ্চিমবঙ্গবাসী। এবার আশ্বাস পূরণের পথে এগোনোর পালা। এলাকার উন্নয়ন করার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজ থেকেই নেমে পড়েছেন জঙ্গলমহলের জনজাতির এই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ।তিনি যে এলাকায় বাস করেন সেই এলাকায় মানুষের মূল সমস্যা পানীয় জল। রানিবাঁধ বিধানসভার বারিকুল এলাকার জঙ্গল বেষ্টিত গ্রাম বাগডুবি।এই এলাকার গ্রাম গুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে ।গ্রীষ্মকালে তা ব্যাপক আকার ধারণ করে । দূর দুরান্ত থেকে গ্রামবাসীদের জল নিয়ে আসতে হয়। তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের ক্ষমতায় পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। এজন্য সেরকম কোন প্রকল্প তৈরি হয়নি যদিও জঙ্গল এলাকার কিছু কিছু জায়গায় পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের কাজ শুরু হয়েছিল কোন এক অজানা কারণে কিন্তু তা শেষ হয়নি। বেশ কিছু গ্রামের ভিতরে পাইপ লাইন গেলেও এবং কল থাকলেও নেই জল। এমনই দৃশ্য চোখে পড়বে বারিকুল এলাকার বিভিন্ন গ্রামে।
আমরা হাজির হয়েছিলাম মন্ত্রী ক্ষুদিরাম টুডুর বাগডুবি গ্রামে খুদিরাম বাবুর মাটির বাড়ির পাশেই পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলসরবরাহ করার জন্য রয়েছে পানীয় জলের একটি কল কিন্তু সেখানে এক ফোঁটাও জল পড়েনি বলে গ্রামবাসীরা জানান। বাড়িতে থাকা ক্ষুদিরাম বাবুর দাদা পরিমল টুডু ও বৌদি সোমবারী টুডু রা বলেন পাইপ লাইন হয়েছে কলও দিয়েছে কিন্তু জল পড়েনি। প্রায় দু বছর আগে এই কলগুলি করে দিয়ে গেছে কন্ট্রাক্টার। পরিমল বাবু বলেন এই হল তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের নমুনা। তাছাড়া আমাদের এলাকার রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন আমরা কেমন আছি। পানীয় জল সমস্যার কথা স্বীকার করে নেন তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন এলাকা পাহাড়ি হওয়ায় নলকূপ খনন করা কষ্টসাধ্য আমরা পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের চেষ্টা করেছিলাম কিন্তু বিশেষ কারণে কাজটি থমকে যায়। তাই সমস্ত গ্রামে পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়ে ওঠেনি।
এলাকাবাসীর আশা এই পানীয় সমস্যা দূরীকরণে বিশেষ ভূমিকা নেবেন বর্তমান মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এই প্রশ্নের উত্তরে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন আমার প্রথম ও প্রধান কাজ হবে এলাকার উন্নয়ন। তার মধ্যে পানীয় জলের সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় গুলিতে যে হোস্টেল গুলি ছিল সেগুলি আবার চালু করা। এখন সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী।