দীর্ঘ বিরতির পর সমবায় সমিতির নির্বাচন, সবকটি আসনেই বিজেপির জয়লাভ, রাজনগর এলাকায়
সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ বীরভূম : গত ৪ ই মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং ৯ ই মে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। সরকার গঠনের পরদিন রবিবার বীরভূমের রাজনগর ব্লকের লাউজোড় সমবায় সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০১৭ সালের পরবর্তীতে পর পর কয়েকবার ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা হলেও নানা অজুহাতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। বিশেষ উল্লেখ্য সমবায় সমিতির ভোট দীর্ঘদিন বন্ধ থাকার ফলে হাইকোর্টের দ্বারস্থ হয় স্থানীয় সমবায় সমিতির এক সদস্য।
হাইকোর্টের নির্দেশে গতো গত ৯ই মার্চ ভোটগ্রহণের কথা। সেই মোতাবেক প্রসাশনিক কাজকর্ম সম্পন্ন করা হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভোটগ্রহণের আগের রাতে ভোট স্থগিতের নোটিশ জারি হয়ে যায়। এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ প্রদর্শন পথ অবরোধ কর্মসূচি পালন করে।অবশেষে ১০ই মে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় । রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর সমিতির ভোট গ্রহণ, এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে চলে ভোটগ্রহণ। নিরাপত্তাজনিত কারণে জেলা পুলিশের আধিকারিকরা সহ অন্যান্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিল। লাউজোড় সমবায় সমিতিতে মোট নয়টি আসন রয়েছে। যার মধ্যে বিজেপি সব আসনেই প্রার্থী দিয়েছে। তৃণমূল ৮টি, কংগ্রেস পাঁচটি এবং সিপিআইএম ৬ টি আসনে প্রার্থী দিয়েছে বলে জানা যায়।
দীর্ঘদিন ভোট বন্ধ থাকার পর সমবায় সমিতির এই ভোট গ্রহণে খুশি শাসকদল সহ এলাকার ভোটারগণ ও অন্যান্য দলের সমর্থিত প্রার্থীরা। সন্ধ্যা নাগাদ ফলাফল ঘোষণা হতেই দেখা যায় বিজেপি ৯ টি আসনেই জয়লাভ করে। বাকি দলগুলো পৃথক পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু কেউ খাতা খুলতেই পারলোনা।