মজিদ মাষ্টারের দাপটের বসিরহাটে শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান, নেতৃত্বে ভাস্কর মণ্ডল
বসিরহাট : রাজ্যে রাজনৈতিক পালাবদলের বার্তা আরও স্পষ্ট হলো শাসনে বিজেপির বিশাল বিজয় মিছিলে। একসময় বাম আমলে মজিদ মাস্টারের দাপট, পরবর্তীতে তৃণমূলের সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক আধিপত্যে দীর্ঘদিন ধরে চর্চিত এই এলাকা এবার অন্য এক রাজনৈতিক আবহের সাক্ষী থাকলো। নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল জয়ী না হলেও ভোট-পরবর্তী সময়ে বসিরহাটের হাড়োয়া বিধানসভার শাসন এলাকায় যে বিপুল জনসমাগম দেখা গেল, তা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রবিবার হাড়োয়া বিধানসভার বোয়ালঘাটা থেকে শাসন বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষেরও। গেরুয়া পতাকা, দলীয় স্লোগান এবং ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা শাসন জুড়ে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষকে এই মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়।
মিছিলের নেতৃত্ব দেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। নির্বাচনে পরাজিত হলেও তার নেতৃত্বে এত বড় জমায়েতকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির দাবি, শাসনের মতো এলাকায় এত বড় জনসমাগম প্রমাণ করছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী দিনে এই অঞ্চলে সংগঠন আরও শক্তিশালী হবে। মিছিল শেষে শাসন বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, যুব মোর্চার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা শিডিউল কাস্ট মোর্চার ইনচার্জ ডাঃ সঞ্জীব সরকার ও স্থানীয় বিজেপি জাহির ভর সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে, হাড়োয়া দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থাকলেও এবার সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। বিজেপির নেতাদের দাবি, গ্রামাঞ্চল থেকে শহরতলি সব জায়গাতেই দলীয় সংগঠন দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্মের বড় অংশ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, এতদিন হাড়োয়ায় রাজনৈতিকভাবে প্রকাশ্যে বিজেপির শক্তি প্রদর্শনের সুযোগ খুব একটা দেখা যায়নি।
কিন্তু এবারের এই বিশাল মিছিল প্রমাণ করে দিয়েছে, শাসন এলাকায় বিজেপি এখন আর প্রান্তিক শক্তি নয়; বরং আগামী দিনের বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। সব মিলিয়ে নির্বাচনী ফলাফলে জয় না এলেও, হাড়োয়া বিধানসভায় বিজেপির এই বিশাল শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মিছিল শুধু একটি বিজয় উদযাপন নয়, বরং আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠন শক্তির প্রকাশও বটে।