ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত দুই, পুরুলিয়ায় পুনশ্যা গ্রামে শোকে ছায়া
সাধন মন্ডল, বাঁকুড়া: ভিন রাজ্যে নলকূপ খননের কাজ করতে গিয়ে গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হলো দুই পরিযায়ী শ্রমিকের। মৃত দুই যুবকের নাম রতন সিং(২২)এবং সুনীল সিং(২১)। তাদের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের টোলা খড়দাতে। দুই পরিযায়ী যুবকের মৃত্যুর খবর গ্রামে পোঁছাতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। সোমবার সকালে মৃত দেহ দুটি গ্রামে পৌঁছাতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
জানা যায় গত বৃহস্পতিবার কর্ণাটকের বিজাপুর জেলার কোলার থানার মাসতি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় নলকূপ খননের গাড়িটি।ওই গাড়িতে ছিলেন পুনশ্যা গ্রামের ৬ যুবক। ঘটনায় গুরুতর জখম হয় সকলেই। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই রতন সিং কে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক, অন্যদিকে চিকিৎসা চলকালীন অবস্থায় মৃত্যু হয় সুনীলের। প্রাথমিক চিকিৎসার পর বাকি যুবককে ছেড়ে দেওয়া হয়। ওই হাসপাতালে রতন ও সুনীলের দেহ ময়নাতদন্তের পরে অ্যাম্বুলেন্সে করে দেহ দুটি গ্রামে নিয়ে আসা হয়। ঘটনায় জখম হওয়া শ্রমিক মঙ্গল সিং এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার সকালে গাড়িটি উল্টে যায়। আমাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে ,আমরাও গ্রামের বাড়িতে ফিরতে চাই।
গত ৮ মাস আগে ৯ যুবক ভিন রাজ্য কর্ণাটকে কাজের জন্য রওনা দেন। তাদের মধ্যে ছিল পুনশ্যা গ্রামের ৬ জন। এখানে একটি নলকূপ খননের গাড়িতে তারা কাজে যোগ দিয়েছিল। মৃত সুনীলের বাড়িতে তার মা ও ঠাকুরমা আছেন, রতনের বাড়িতে বাবা ও মা ছাড়াও পিসি এবং দুই বোন রয়েছেন। মৃত দুই যুবকের পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন ওই যুবকেরাই। এলাকায় কাজ না মেলায় ভিন রাজ্যে কাজে গিয়ে দুই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা দুই পরিবার।