রাজনীতির পর আবার অভিনয়ে ফিরতে চান সায়ন্তিকা, পরাজয়ের পর জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা
রুদ্র বিশ্বাস, বনগাঁ: বরানগর বিধানসভা নির্বাচনে পরাজয় হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। সাম্প্রতিক কিছুদিন আগে অসুস্থতার কারণে কয়েক দিন জ্বরে ভুগলেও এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানালেন সায়ন্তিকা ব্যানার্জি।ইতিমধ্যেি, নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে একাধিক তারকা নেতাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে সায়ন্তিকা জানান, মানুষের হয়তো তাঁর কাছে আরও বেশি প্রত্যাশা ছিল। তবে তিনি নিজের দায়িত্ব পালনে কোনও খামতি রাখেননি বলেই দাবি করছেন।
সায়ন্তিকা বলেন, “গত কয়েক বছর রাজনৈতিক কাজেই বেশি সময় দেওয়া হয়েছে। যার ফলে নিজের শরীরচর্চা আর অভিনয়জীবনের দিকে তেমন কোনো নজর দেওয়া হয়নি। এবার আবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করে ক্যামেরার সামনে ফিরে আনতে চাই”।রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কোনও মন্তব্য করতে চাননি সায়ন্তিকা। তাঁর কথায়, ভবিষ্যতে কী হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে আপাতত নিজের মূল পেশা অভিনয়ের দিকেই মন দিতে চায়।
বরানগরের নতুন বিধায়ক সজল ঘোষকে নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যাঁকে নির্বাচিত করেছেন, সেই বিষয়ে আলাদা করে আর কিছু বলার নেই।পরাজয়কে জীবনের শেষ বলে মেনে নিতে চান না অভিনেত্রী সায়ন্তিকা। তাঁর বক্তব্য, জীবন এগিয়ে চলবে এবং তিনি আবারও নিজের পরিচিত ক্ষেত্র অভিনয়ে মনোযোগ দিতে প্রস্তুতি শুরু করছেন।