বারাসতে স্ট্রংরুমে সিসিটিভি বন্ধের অভিযোগ, ভোটগণনার আগে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা : বারাসত-এর বারাসত গভর্নমেন্ট কলেজ-এর গণনাকেন্দ্রের স্ট্রংরুমে সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ৪ মে ভোটগণনার আগে এই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।
অভিযোগ অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত স্ট্রংরুমের সিসিটিভি আউটপুট মনিটর বন্ধ ছিল। নারায়ণ গোস্বামী, অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এই অভিযোগ তুলে নির্বাচন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানান। তাঁর দাবি, বিষয়টি রিটার্নিং অফিসার থেকে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের জানানো হয়েছে এবং দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে।
বারাসত গভর্নমেন্ট কলেজ-এর গণনাকেন্দ্রেই
বারাসত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে।
যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র মনিটরটি বন্ধ হয়েছিল, স্ট্রংরুমের ভিতরের ক্যামেরা চালু ছিল এবং রেকর্ডিংও হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।