অত্যাচার আর তোষণের রাজনীতি চালিয়েছে তৃণমূল” ফল প্রকাশের পর তোপ আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র ড. শহিদুল হক মন্ডলের
বসিরহাট : বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই আবহেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আমজনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তথা নন্দীগ্রামের প্রার্থী ডক্টর শহিদুল হক মন্ডল। ভোটের ফলাফল প্রকাশের পর এদিন তিনি রাজ্য সরকারের একাধিক নীতি, সংখ্যালঘু রাজনীতি এবং রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে সরব হন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর শহিদুল হক মন্ডল অভিযোগ করেন, “গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস বেড়েছে, সাধারণ মানুষ তার জবাব ভোটের মাধ্যমে দিতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের পরিবেশ নষ্ট করেছে। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর লাগাতার অত্যাচার, ভয় দেখানো এবং প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ আজ সর্বত্র শোনা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সমাজের উন্নয়নের কথা বললেও বাস্তবে মুসলিম সমাজকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছেন। শিক্ষা, কর্মসংস্থান, শিল্প কিংবা স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই মুসলিম সমাজের প্রকৃত উন্নয়ন হয়নি। মুসলিম যুবকদের ভবিষ্যৎ নিয়ে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রাজ্য সরকারের নেই। শুধুমাত্র আবেগের রাজনীতি করে ভোট নেওয়া হয়েছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তার অভিযোগ, “রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষ এখন পরিবর্তনের পথ খুঁজছে।” রাজনৈতিক মহলের মতে, ভোট পরবর্তী সময়ে এই ধরনের পাল্টা অভিযোগ ও রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও বাড়তে পারে।
বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর শহিদুল হক মন্ডলের এই বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।