“ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের— অভিযুক্তদের দেখলেই গ্রেফতারের নির্দেশ”
এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে ভোটের ফলাফলের পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। কোথাও কোনোরকম ভাঙচুর বা হিংসাত্মক ঘটনা দেখলেই অভিযুক্তদের তখনই গ্রেফতার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেল কে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার। সেই সাথে ২৪ ঘন্টা নজরদারী চালাতে বলা হয়েছে জেলা শাসক এবং পুলিশ কর্মকর্তাদের।
গত ৪মে সোমবার ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। তারপরেই শোনা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। ভোট গণনার পরবর্তী দিন মঙ্গলবারেও অশান্তির অভিযোগ সামনে আসে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, আবার কোথাও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। ঘটনা সূত্রে জানা গিয়েছে রাজ্যের দুই প্রান্তে খুনের অভিযোগও উঠে এসেছে। একদিকে তৃণমূল কর্মী খুন হয়েছে অন্যদিকে আবার বিজেপি কর্মী খুন হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠে আসছে। হাওড়া, নানুর, ভাঙর, বারুইপুর সহ রাজ্যের নানা জায়গার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে। এই অভিযোগগুলোকে কেন্দ্র করে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কড়া বার্তা, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।