“বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ নতুন বিজেপি সরকারের”
২০২৬ শে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন হতে চলেছে। রাজ্যের নবম তম মুখ্যমন্ত্রী হিসেবে, ৯মে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল বিজেপির ২০৭ বিধায়ককে সঙ্গে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়।
কলকাতায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর অমিত শাহ বললেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং শুভেন্দু অধিকারীর নাম ছাড়া আর কোনও নাম প্রস্তাবিত করা হয়নি। তিনি আরও বলেন, “বিজেপি এবং নরেন্দ্র মোদীর উপর ভরসা করে বাংলার মানুষ যে জয় উপহার দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। মানুষের বিশ্বাস যেন অটুট থাকে, সেই লক্ষ্যেই কাজ করবে বিজেপি সরকার”। ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্য নিয়েই নতুন সরকার এগোবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তৃতায় তিনি শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মহর্ষি অরবিন্দকে স্মরণ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ কবিতার লাইন উদ্ধৃত করেন। সেইসাথে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদেরও স্মরণ করেন অমিত শাহ। তাঁর দাবি, এই জয়ের পিছনে ৩২১ জন বিজেপি কর্মীর আত্মবলিদান রয়েছে।তিনি নিহত কর্মীদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “কেরালা ও বাংলা ছাড়া দেশের অন্য কোথাও এ ধরনের রাজনৈতিক হিংসা দেখা যায়নি।”
তিনি আরও দাবি করেন, ত্রিপুরা ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হয়েছে। এবার অনুপ্রবেশ এবং গরু পাচারের মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।বাংলায় বিজেপির এই জয়ের জন্য ভোটারদের পাশাপাশি নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।