নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে উল্টে গেল একটি ছোট চার চাকা গাড়ি
খাতড়া : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে উল্টে গেল একটি ছোট চার চাকা গাড়ি । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে খাতড়া-রানিবাঁধ রাজ্য সড়কের আকখুটা গ্রামের নিকটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুগলি এলাকা থেকে বেড়াতে এসে চালকসহ মোট চারজন ওই গাড়িতে ছিলেন। গাড়ি রানিবাঁধের দিক থেকে বাঁকুড়া দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারালে রাস্তা ছেড়ে পুকুরে পাল্টি খেয়ে পড়ে। ঘটনায় চারজনই আহত হন। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে রানিবাঁধ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর, বাকি তিনজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।