পুলিশের উপস্থিতিতে হগ মার্কেট ভাঙচুর, আজ শুনানি কলকাতা হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন, কলকাতার হগ মার্কেট ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে । আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভবনা আছে ।ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের অন্যত্র যে সব জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মামলাকারী।
মামলাকারীর দাবি, -‘কয়েকজন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই হগ মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটেছে’। এই সকল আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।এর পাশাপাশি ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের অন্যত্র যে সব জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মামলাকারী।১৫ বছর পর রাজ্যে ফের পালাবদল ঘটেছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর এই আবহে নির্বাচনের গণনার দিনই গভীর রাতে নিউ মার্কেট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, বিজেপির ঝান্ডা হাতে একদল যুবক হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বেশ কয়েকজন পুলিশ আধিকারিকদের সামনেই হগ মার্কেটে বুলডোজার নিয়ে তাণ্ডব চলে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই সকল পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী।
যদিও হগ মার্কেটের এই ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, -‘জেসিবি নিয়ে কোনও মিছিল করা যাবে না। এমনকী যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে’। এমকী বিজয় মিছিল করার ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। এই সব ঘটনাতেও আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন মামলাকারী।আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।