“চন্দ্রনাথ রথ খু/নে তদন্তে বড় অগ্রগতি, উদ্ধার আততায়ীদের ব্যবহৃত বাইক”
গতকাল বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে, একটি চার চাকার গাড়ি ও দুটি বাইক ব্যাবহার করা হয়। দুষ্কৃতীরা চার চাকার গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ অবরোধ করেছিল। ঘটনা সূত্রে জানা গেছে, সেই চার চাকার গাড়িটি ঘটনাস্থলে ফেলে দিয়েই দুষ্কৃতীরা চন্দ্রনাথের ওপর গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায়।
এবার পুলিশ সেই দুটি বাইকের মধ্যে থেকে একটি বাইক উদ্ধার করে। আরেকটি বাইকের তল্লাশি চলছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, মধ্যমগ্রামে হওয়া ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি জায়গা থেকে পাওয়া গেছে সেই বাইকটি।কিন্তু নির্দিষ্ট ভাবে কোনো অঞ্চলের কথা উল্লেখ করেনি শুভেন্দু অধিকারী। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তেমন কিছু জানা যায়নি।
চন্দ্রনাথের মৃত্যুর সংবাদ পেয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সেই রাতে মধ্যমগ্রামের হাসপাতালে পৌছে গেছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে এসে ডিজি ঘটনাটি তদন্ত করে জানান, অপরাধীদের ব্যবহার করা চারচাকা গাড়ির নম্বর প্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির।তবে নম্বর প্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এছাড়াও, কিছু গুলি আর ব্যবহার করা কার্তুজ উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন তিনি।
গত বুধবার রাতে ফরেনসিক বিশেষজ্ঞরা, চন্দ্রনাথ যে গাড়িতে ছিল এবং দুষ্কৃতীদের ফেলে দেওয়া গাড়ি এই দুই গাড়ি থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এই ঘটনাটির বিষয়ে তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তাতে রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে সিআইডি আধিকারিকদের দলও ঘটনাস্থলে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে।