“মাধ্যমিকে রাজ্যসেরা উত্তর দিনাজপুরের অভিরূপ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে এগোচ্ছে মেধাবী ছাত্র”
আজ শুক্রবার প্রকাশিত হলো ২০২৬ এর মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুল থেকে অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। পাশের হার ৯৯.৭১ শতাংশ।
অভিরূপ ভদ্রের পরিবার বলতে একমাত্র তার মা-ই ভরসা। অভিরুপের মা ইন্দ্রানী চৌধুরী ভদ্র রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স পদে কাজ করেন। অভিরুপের কোন ভাই বা বোন নেই। সে একাই তার মায়ের কাছে বড় হয়েছে।
আই টি আই থেকে পড়ার ইচ্ছা অভিরূপ ভদ্রের। সে এখন নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চায়। সে কারণে এবার সে এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সময় ধরে পড়াশোনা আর সঠিক অনুশীলনের জন্য সে এত বড় সাফল্য পেয়েছে বলে জানায়। ঠিক এইরকম ভাবে, উচ্চমাধ্যমিক স্তরে আরো বেশি করি পড়াশোনায় মনোযোগ দিতে চায় অভিরূপ। অভিরূপ জানায়, মাধ্যমিকের সময় নয় জন গৃহ শিক্ষক ছিল তার। তখনই লেখাপড়ায় অনেক সময় দিতে হয়েছে।
এ বছর ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেছে ৯লক্ষ, ৭১হাজার, ৬২৫ জন পরীক্ষার্থীর। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে থেকে জানিয়েছেন, এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন। ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০জন। এবছর প্রথম ১০ এর তালিকায় রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী।