হাওড়া উদয়নারায়নপুর বুথে বৃদ্ধের মৃত্যু ঘিরে বিতর্ক, সিসিটিভি ফুটেজ প্রকাশ কমিশনের
নিজস্ব সংবাদদাতা : উদয়নরায়ণপুর-এর একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে ভোটগ্রহণের দিন, যখন ৮২ বছরের পূর্ণচন্দ্র দলুই তাঁর পুত্রের সঙ্গে ২৪৫ নম্বর বুথে ভোট দিতে যান।
নির্বাচন কমিশনের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃদ্ধ ভোটার পুত্রের সহায়তায় বুথে প্রবেশ করেন। হাতে কালি লাগানোর পর তিনি লাঠির সাহায্যে ইভিএম-এর দিকে এগিয়ে যান। কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন এবং আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ভোটকর্মী ও তাঁর পুত্র দ্রুত তাঁকে উদ্ধার করে বাইরে নিয়ে যান এবং হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কা ও দুর্ব্যবহারের ফলেই এই মৃত্যু ঘটেছে। মৃতের পুত্রও একই ধরনের অভিযোগ তোলেন বলে জানা যায় ।
তবে নির্বাচন কমিশন তাদের লিখিত বিবৃতিতে এই অভিযোগকে ‘ভুল তথ্য’ বলে খারিজ করে দেয়। কমিশনের দাবি, সিসিটিভি ফুটেজে কোথাও কেন্দ্রীয় বাহিনীর কোনওরকম দুর্ব্যবহার বা ধাক্কার প্রমাণ মেলেনি। বৃদ্ধের মৃত্যু শারীরিক অসুস্থতা, বার্ধক্যজনিত সমস্যা ও গরমের কারণে হয়েছে বলে জানানো হয়েছে।