বসিরহাট : বসিরহাটে নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ বা ফেন্সিডিল উদ্ধার করলো পুলিশ। ঘটনায় একটি পিকআপ ভ্যান সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফেন্সিডিলের পরিমাণ ৩৭ বস্তায় মোট ৪৪৩৮ পিস। পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাট থানার আমতলা চড়কতলা এলাকায় রাজ্য সড়ক-২ অর্থাৎ টাকি রোডে নাকা তল্লাশি চালাচ্ছিল বসিরহাট থানার পুলিশ।
সেই সময় বসিরহাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার দিপাঞ্জন চট্টোপাধ্যায় এবং বসিরহাট থানার আইসি মহম্মদ ফিরোজ আলীর নেতৃত্বাধীন পুলিশ একটি পিকআপ ভ্যানকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়িটি থেকে উদ্ধার হয় ৩৭ বস্তা ফেন্সিডিল, যাতে মোট ৪৪৩৮ পিস নিষিদ্ধ কাফ সিরাপ ছিল।
পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন কালিম্পংয়ের। গাড়িটি এবং বিপুল পরিমাণ ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম হোসেন বিশ্বাস। তার বাড়ি উত্তর ২৪ পরগণার বারাসাতের কাজীপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, কলকাতা থেকে ওই বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে সোলাদানার দিকে যাচ্ছিল গাড়িটি। সেখান থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের অনুমান।
এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ফেনসিডিল পাচারের মূল চক্র এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানের চেষ্টা চলছে। ধৃত হোসেন বিশ্বাসকে বুধবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়।