সাধন মন্ডল, বাঁকুড়া : নিম্নচাপের পর বৃষ্টি কিছুটা কমেছে । কিন্তু এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধির জেরে তালডাংরা বিধানসভা এলাকার হাড়মাসড়া সংলগ্ন ইঁটাপোড়ায় শিলাবতী নদীর উপর থাকা সেতুটি জলের তলায় চলে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়া-খাতড়া-হাড়মাসড়া এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শিলাবতী নদীতে জল বেড়ে যায়। তার জেরেই ইঁটাপোড়ার ওই সেতুর উপর দিয়ে জল বইতে থাকে। সেতু পারাপারে সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষজন।
বৃষ্টি বন্ধ হওয়ার পরও নদীর জল না কমায় দুর্ভোগ আরও বেড়েছে। নিত্যপ্রয়োজনে যাতায়াত করা মানুষ, স্কুলপড়ুয়া চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় শিলাবতী নদীর জল বাড়লেই এই নিচু সেতুটি প্রতি বছরই জলের তলায় চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য এখানে একটি স্থায়ী উঁচু সেতুর দাবি বহুদিনের হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসন। বিপদ এড়াতে সেতুর দু'প্রান্তেই সতর্কতামূলক নজরদারি চালানো হচ্ছে এবং সাধারণ মানুষকে জল না নামা পর্যন্ত সেতুর উপর দিয়ে যাতায়াত না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।।