বসিরহাট : সুন্দরবনের প্রবেশদ্বার হাসনাবাদে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অবৈধ মূল্যবৃদ্ধি রুখতে বুধবার বিকালে বাজারে প্রশাসনিক অভিযান চালানো হলো। হাসনাবাদ বনবিবি সেতু সংলগ্ন বাসস্ট্যান্ড বাজারে একাধিক মুদি, মাংস ও সব্জি সহ বিভিন্ন দোকানে যৌথভাবে তল্লাশি চালিয়ে বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা।
হাসনাবাদ বাসস্ট্যান্ড বাজারটি বিস্তীর্ণ এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র। বরুণহাট, বিশপুর, পাটলিখানপুর, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা প্রতিদিন এই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনেন। পাশাপাশি টাকি ও হাসনাবাদ শহরের বাসিন্দাদেরও একটি বড় অংশ এই বাজারের উপর নির্ভরশীল।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও সব্জির দামে অস্বাভাবিক বৃদ্ধি, বেশি দামে বিক্রি বা ক্রেতাদের সঙ্গে কোনওরকম প্রতারণা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন দোকানে পণ্যের দাম, মজুত এবং বিক্রির বিষয়গুলি খতিয়ে দেখেন আধিকারিকরা। ক্রেতারা যাতে নির্ধারিত ও যুক্তিসঙ্গত দামে সামগ্রী কিনতে পারেন, সেদিকেও নজর দেওয়া হয়।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর, হাসনাবাদের এসডিপিও ওমর আলী মোল্লা, হাসনাবাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মণ্ডল সহ কৃষি এবং খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের এই ধরনের নজরদারি আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে।