সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেইমতো খয়রাশোল ব্লকের নওপাড়া গ্রামে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
জানা যায়, নওপাড়া গ্রামের ৫৮ নম্বর বুথ সভাপতি টিকলু খানের নেতৃত্বে স্থানীয় ডোমপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। আশীর্বাদের প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি নরেন্দ্র মোদির ছবি হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উলুধ্বনি দেন মহিলারা।
এদিনের অনুষ্ঠানে ভাদু গানের সুরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও ‘ভিবিজিরামজি প্রকল্পে’ ১২৫ দিনের কাজ নিয়ে রচিত গান পরিবেশন করা হয়। বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা ভাদু গানের সুরে সেই গান পরিবেশন করেন। গানের কথা, সুরের ছন্দ এবং বাদ্যযন্ত্রের আওয়াজে অনুষ্ঠানস্থলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান দেখতে ও গান শুনতে স্থানীয় বহু মানুষের সমাগম ঘটে।
এভাবেই প্রদীপ প্রজ্বলন, উলুধ্বনি ও লোকসংগীতের মধ্য দিয়ে নওপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।