বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭ কে সামনে রেখে বীরভূমে মাই ভারত-এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : কেন্দ্রীয় যুব বিষয়ক ও মন্ত্রকের অধীন মাই ভারত (MY Bharat)-এর উদ্যোগে সিউড়িতে সংস্থার জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদের জন্য থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করা।
সাংবাদিক সম্মেলনে বিশেষভাবে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ–২০২৭’ (VBYLD 2027) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের যুবসমাজ কীভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন, তাঁদের জন্য কী কী সুযোগ রয়েছে এবং মাই ভারত-এর পক্ষ থেকে যুবকদের কেন্দ্র করে কী ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে—সেসব বিষয় তুলে ধরা হয়।
মাই ভারত-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের যুবসমাজকে বিভিন্ন কর্মসূচির সঙ্গে আরও বেশি করে যুক্ত করা এবং তাঁদের সামনে থাকা সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে বীরভূম জেলার যুবক-যুবতীদের মধ্যেও বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ–২০২৭ সম্পর্কে সচেতনতা বাড়াতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।
এদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি মাই ভারত-এর বিভিন্ন যুবকেন্দ্রিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন মাই ভারত-এর বীরভূম জেলা যুব আধিকারিক অর্পিতা মাহাতো। তিনি একান্ত সাক্ষাৎকারে যুবসমাজকে এই ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং কর্মসূচিগুলি সম্পর্কে আরও বেশি সংখ্যক যুবক-যুবতীর কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন।