সেখ রিয়াজুদ্দিন, বীরভূম :
রাজনগরের গণেশপুর গ্রাম সংলগ্ন একটি মহাবীর মন্দিরের সেবাইতের ওপর রাতের অন্ধকারে হামলার অভিযোগ উঠেছে। একই রাতে এলাকার এক প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির বাগানে শতাধিক গাছ ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। দুটি ঘটনাতেই রাজনৈতিক যোগের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মন্দিরের সেবাইত শিবব্রত মাজী জানান, তিনি ঝাড়খণ্ডের আফজলপুরের একলব্যপুর গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর ধরে রাজনগরের গণেশপুর গ্রাম সংলগ্ন ওই হনুমান মন্দিরে সেবাইতের দায়িত্বে রয়েছেন। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে মন্দির সংলগ্ন একটি ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। তাঁর বিছানাপত্রে জল ঢেলে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে, এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি দেবকুল ঘোষের বাগানে শতাধিক গাছ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। দেবকুল ঘোষেরও দাবি, এই ঘটনার পিছনে বিজেপির কর্মীদের হাত রয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের রাজনগর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস বলেন, বিজেপির কর্মীরা এ ধরনের কাজ করতে পারে না। তবে তাঁর বক্তব্য, যে বা যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক, এই ধরনের কাজ ক্ষমার অযোগ্য। অভিযুক্তরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগগুলির সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।