বসিরহাট : সারা বছর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকেন তারা। তারই ফাঁকে নিজেদের অফিস সামলে জমানো অর্থে দুর্গাপুজোর আয়োজন করেছেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্যোগে বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় বছরে পদার্পণ করল ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্গোৎসব। মূলত মহিলা পরিচালিত এই পুজো শুধু উৎসবের আনন্দেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও।
বছরভর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকার কারণে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালনের সুযোগ খুব একটা পান না সরকারি কর্মচারীরা। সেই আক্ষেপ থেকেই অভিনব উদ্যোগ নেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। নিজেদের জমানো অর্থেই শুরু করেন এই দুর্গোৎসব। দেখতে দেখতে দ্বিতীয় বছরে পা রেখেছে তাদের এই উদ্যোগ।
উদ্যোক্তাদের কথায়, সারা বছর দপ্তরের কাজ সামলানোর পাশাপাশি নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে দুর্গাপুজোর আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
এই পুজোর মধ্য দিয়ে বসিরহাটের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চান তারা। মণ্ডপে থাকছে সাবেকি প্রতিমা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। পাশাপাশি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিগ্রহের আদলে তৈরি প্রতিমূর্তিও দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।
দুর্গোৎসবের আনন্দকে সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নিতেও উদ্যোগী হয়েছেন তারা। পুজোর পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দিয়েছেন উদ্যোক্তারা। নিজেদের সঞ্চিত অর্থ থেকেই এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের যুক্ত রেখে মহিলাদের এই উদ্যোগ এখন ঐক্যতানের দুর্গোৎসবকে বিশেষ মাত্রা দিয়েছে।