সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর স্কুল মোড় এলাকায়।
জানা যায় যে, শুক্রবার পুরন্দরপুর স্কুল মোড়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে একটি বুক স্টল তৈরি করা হয়। অভিযোগ, স্টল তৈরির সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল। তবে সেই বাধা উপেক্ষা করেই সারাদিন ধরে স্টলটি চালানো হয়। এরপর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা স্টলটি ভেঙে দেয় বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে শনিবার ঘটনাস্থলেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। স্টল ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও।
অন্যদিকে, ভাঙচুরের ঘটনার পরেও পিছিয়ে আসেনি এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টি। পুনরায় শনিবার ওই একই স্থানে চেয়ার-টেবিল সাজিয়ে বুক স্টল চালু করা হয়েছে। দলের এই উদ্যোগের মধ্য দিয়ে প্রতিবাদের পাশাপাশি মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক। তাঁর অভিযোগ, বিজেপির শাসনকালে মুক্তচিন্তা এবং আলাপ-আলোচনার পরিবেশকে ধ্বংস করার উদ্দেশ্যে এ ধরনের ফ্যাসিস্ট আক্রমণ চালানো হচ্ছে। এই আক্রমণের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান জেলা সম্পাদক। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আবেদন জানান তিনি।