সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আবহে মাতোয়ারা বীরভূমের লোকপুর গ্রাম। শনিবার মহাসপ্তমী উপলক্ষে গ্রামের সমস্ত পুজো কমিটির যৌথ উদ্যোগে স্থানীয় শাল নদী থেকে ঢাকবাদ্য সহকারে দোলা ও ঘট আনয়ন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে গ্রামজুড়ে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
জানা গিয়েছে, লোকপুর গ্রামে মোট ন'টি পুজো মণ্ডপ রয়েছে। এর মধ্যে দুটি পুজো পটের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং বাকি মণ্ডপগুলিতে প্রতিমা তৈরি করে পুজো করা হয়। মহাসপ্তমীর সকালে সমস্ত পুজো কমিটির সদস্যরা একত্রিত হয়ে শাল নদী থেকে ঘট আনয়ন করেন। এরপর নিজ নিজ পুজো মণ্ডপের উদ্দেশে রওনা দেন তাঁরা। ঢাকের তালে এবং ধর্মীয় রীতিনীতি মেনে এই ঘট আনয়ন পর্বে সামিল হন এলাকার বহু মানুষ।
অন্যদিকে, লোকপুরের মহামায়া মন্দির চত্বরে মহাসপ্তমী উপলক্ষে মহিলাদের বরণ পর্ব ও সিঁদুর খেলা নিয়ে বিশেষ উৎসাহ দেখা যায়। এই প্রথা ও অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় পাড়ার মেয়ে তথা গৃহবধূ মৌমিতা রায় নায়ক।
এদিনের তাৎপর্য এবং পুজোর বিভিন্ন দিক নিয়ে বলেন মহামায়া সার্বজনীন পুজো কমিটির সভাপতি সুকান্ত সেন। পাশাপাশি স্থানীয় মন্দিরের পুরোহিত দেবাশীষ রায় এক সাক্ষাৎকারে দুর্গাপুজোর ধর্মীয় রীতিনীতি ও পুজোর সার্বিক দিক নিয়ে আলোকপাত করেন।
সব মিলিয়ে, মহাসপ্তমীতে লোকপুর গ্রামের বিভিন্ন পুজো কমিটির এই যৌথ উদ্যোগ গ্রামবাসীদের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা বহন করে। ঢাকের বাদ্যি, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং উৎসবের আনন্দে শাল নদী থেকে ঘট আনয়ন পর্ব হয়ে ওঠে লোকপুরের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ।