বসিরহাট : কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। দক্ষিণ ভারতের একটি রাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের বিরুদ্ধে বসিরহাট ও পার্শ্ববর্তী একাধিক থানায় তার বিরুদ্ধে খুন এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে স্বপন দাস, রামকৃষ্ণ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল নামে আরও তিনজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
ধৃতদের কাছ থেকে দুটি দেশি বন্দুক, একটি ৭ এমএম পিস্তল এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। পুজোর প্রাক্কালে এই গ্রেফতারি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বসিরহাট থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও বসিরহাট থানার আইসি মহম্মদ ফিরোজ আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।