সেখ রিয়াজউদ্দিন কাঁকরতলা: দুর্গাপুজোর মুখে বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কারণ দেখিয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর মোতায়েন বন্ধ করার নোটিশ জারি করেছে বোজন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। সংস্থার পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে নিরাপত্তারক্ষীদের মোতায়েন বন্ধ।
১৪ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা ওই নোটিশে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের (WBPDCL) অধীন হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজের অভাবের কারণে তাঁদের মোতায়েন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ নভেম্বর কাজের সময় শেষ হওয়ার পর তাঁদের দায়িত্ব পালন শেষ এবং ১৪ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দীর্ঘ ছয় বছর ধরে কাজ করার পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এই সিদ্ধান্তে কর্মীদের ও তাঁদের পরিবারের জীবিকা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে। অন্যদিকে, সংস্থার জারি করা নোটিশে কর্মীদের প্রাপ্য বেতন, বকেয়া পাওনা এবং আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা মোতায়েন বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে কর্মরত নিরাপত্তারক্ষীদের ভবিষ্যৎ কী হবে, এখন সেটাই বড় প্রশ্ন। কাজের অভাবের কারণ দেখিয়ে মোতায়েন বন্ধের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মী ও তাঁদের পরিবারের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।