বসিরহাট : ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের বেড়মজুর এলাকা থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রশিদ কাজীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ।
অভিযোগ, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার সময় আবু সিদ্দিক মোল্লাকে রশিদ কাজী-সহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা মারধর করেন এবং তার বাড়িঘর লুটপাট করা হয়। গুরুতর আহত আবু সিদ্দিক মোল্লা বর্তমানে প্যারালাইসেসে আক্রান্ত বলে পরিবারের দাবি। সেই সময় শেখ শাহজাহানের দাপটের কারণে তারা অভিযোগ জানাতে পারেননি বলেও দাবি পরিবারের।
সম্প্রতি আবু সিদ্দিক মোল্লার স্ত্রী আজমির বিবি মোল্লা সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেড়মজুর থেকে রশিদ কাজীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়।