সেখ রিয়াজউদ্দিন,বীরভূম : ৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই শিবিরে গ্রামবাসীদের বিভিন্ন আইনি অধিকার ও সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, সিউড়ি থানার সাব-ইন্সপেক্টর বাপ্পা ঘোষ, সাইবার থানার এএসআই সুজয় সিং, ওয়্যারলেস অপারেটর আজাহাতুল্লা সেখ এবং অধিকার মিত্র মহম্মদ রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের শিক্ষক সচিদানন্দ মুখার্জি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য-সহ এলাকার বহু মানুষ।
আলোচনা সভায় বাল্যবিবাহ, শিশুশ্রম, সাইবার অপরাধ, নেশামুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সাধারণ মানুষের আইনি অধিকার, আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি এবং বিভিন্ন সামাজিক অপরাধের কুফল সম্পর্কে সচেতন করেন। বিশেষ করে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধের পাশাপাশি সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে গ্রামে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার ও অপরাধ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।