বসিরহাট : সীমান্তবর্তী বসিরহাটে তৃণমূল কংগ্রেস ও আইএসএফে ভাঙন ধরিয়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রায় তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। শনিবার বসিরহাট ১নং ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকায় এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
প্রয়াত কংগ্রেস নেতা অসিত মজুমদারের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসে যোগ দেওয়া নেতা-কর্মী ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী পূজা রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা এআইসিসি সদস্য অমিত মজুমদার, বসিরহাট ১নং ব্লক কংগ্রেসের সভাপতি রতন মণ্ডল, কংগ্রেস নেতা হিরন্ময় দাস ও মিত দে সহ দলের একাধিক নেতা ও কর্মী।
এদিনের কর্মসূচিতে কলবাড়ি এলাকায় জাতীয় কংগ্রেসের একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করা হয়। যোগদানকারীদের দাবি, তৃণমূল কংগ্রেস বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। অন্যদিকে, আইএসএফে থেকে বিজেপির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব হচ্ছে না বলেও তাদের অভিযোগ। সেই কারণেই তারা কংগ্রেসকে বেছে নিয়েছেন বলে জানান দলত্যাগীরা।
সীমান্তবর্তী এই এলাকায় একসঙ্গে এতজনের কংগ্রেসে যোগদানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে বসিরহাট ১নং ব্লকে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়লো। আগামী দিনে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক কংগ্রেসে যোগ দেবেন বলেও দাবি তাদের।